Bonsai

বনসাইয়ের দাম কিভাবে নির্ধারণ করা হয়?

বনসাইয়ের দাম কিভাবে নির্ধারণ করা হয়?

বনসাই খুব পরিচিত একটি শব্দ কিন্তু এটি নিয়ে মানুষের মনে যেমন প্রচুর কৌতূহল তেমনি ভুল বোঝাবুঝিরও শেষ নেই | এটি নিয়ে শুধু সাধারণ মানুষই নয় এমনকি যারা বনসাই নিয়ে কাজ করেন তারাও তালগোল পাকিয়ে ফেলেন | এই তালগোল পাকানোর তালিকায় বনসাইয়ের দাম নির্ধারণ করা নিয়ে অনেক বিভ্রান্তিকর মতামত প্রচলিত আছে | বনসাইয়ের দাম কিভাবে নির্ধারণ করা হয় কিংবা কি কি বিষয়ের উপরে বনসাইয়ের দাম কম বেশি হয় তা নিয়ে অনেকে অনেক কিছুই বলে | আসুন কয়েকটি কারণ বলছি যেগুলোর উপরে বিবেচনা করে বনসাইয়ের দাম নির্ধারণ হয় |

১ | বয়স ও গঠনের পরিপক্কতাঃ

শুধু বয়স নয় বয়সের সাথে সাথে বয়সের পরিপক্কতার ছাপ দুটোই বনসাইয়ের দাম বৃদ্ধিতে ভূমিকা রাখে | বেশিরভাগ মানুষ মনে করেন বনসাইয়ের দাম নির্ভর করে শুধু বয়সের উপরে | মানে যে বনসাইয়ের বয়স যত বেশি তার দাম তত বেশি | কিন্তু না, এই ধারনাটি একদমই ভুল | বনসাই দেখতে যদি বয়স্ক মনে না হয় কিংবা বয়সের সাথে সাথে বনসাইয়ের দেহে যদি বয়সের ছাপ, পরিপক্কতার ছাপ ফুটে না ওঠে তাহলে সেই বনসাইয়ের দাম শুধু বয়স দিয়েই বিবেচনা করা যাবে না | মোটকথা ৩০ বছরের একটি বনসাই দেখলে যদি মনে হয় চারা গাছের মত তাহলে তার বয়স দিয়ে কিছু যায় আশে না | সর্বোপরি অল্প সময়ের মধ্যে বনসাইয়ের দেহে বয়সের ছাপ ফুটিয়ে তোলাটাও কিন্তু দুর্দান্ত একটি শৈল্পিক কাজ | বনসাইয়ের বয়স যাই হোক বয়সের সাথে সাথে বনসাইয়ের দেহে বয়সের ছাপ স্পষ্ট ভাবে বিদ্যমান থাকলে সেটি অবশ্যই গাছের দাম বৃদ্ধিতে ভূমিকা রাখবে |

২ | প্রজাতি ও দুষ্প্রাপ্যতাঃ

একটি বনসাই এর প্রজাতি যদি প্রকৃতিতে বিরল, দুষ্প্রাপ্য হয় তাহলে নিঃসন্দেহে বয়স কম হলেও সেই বনসাইয়ের দাম বেশি হবে | অনেক সময় শুধুমাত্র প্রজাতির দুষ্প্রাপ্যতার উপরে নির্ভর করেই বনসাইয়ের দাম বেশি হয়ে যায় | আর দুষ্প্রাপ্যতার সাথে বয়স বেশি হলেতো কোন কথাই নেই |

৩ | মানসম্মত কাজ ও দুর্দান্ত গঠনশৈলীঃ

একটি সাধারণ প্রজাতির বনসাইয়ের বয়স কম হলেও শুধু মানসম্মত কাজ ও দুর্দান্ত স্টাইল বা গঠনশৈলীর কারণে দাম বেশি হয়ে থাকে | বনসাইয়ের ট্রাঙ্ক এবং নেবারির গঠন ও সৌন্দর্য, ডালপালার শ্রেণিবিন্যাস সব মিলিয়ে বনসাই যদি নান্দনিক, মনোমুগ্ধকর ও আকর্ষণীয় হয় তাহলে বনসাইয়ের দামের ক্ষেত্রে এর বয়স কত বছর সেটা তেমন গুরুত্ব বহন করে না | এক্ষেত্রে বনসাইয়ের বয়স অল্প হলেও দাম নিঃসন্দেহে বেশি হবে | আর বয়স বেশি হলেতো কোন কথাই নেই তাহলে দাম আরও বেশি হবে |

৪ | গাছের সু স্বাস্থ্যঃ

বনসাইয়ের সুস্বাস্থ্য এর দাম নির্ধারণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে | বনসাইয়ের বয়স বেশি হলেও, বনসাই বাহ্যিক ভাবে দেখেতে যতই সুন্দর হোক বনসাইয়ের স্বাস্থ্য যদি ভালো না থাকে, বনসাই যদি দুর্বল কিংবা রোগা হয়ে থাকে তাহলে তা দাম দিয়ে কেউই কিনতে চাইবে না সেটাই স্বাভাবিক |

৫ | পট এবং সৃজনশীল উপস্থাপনঃ

বনসাই পট যদিও আমাদের দেশে খুবই অবহেলিত একটি বিষয় কিন্তু বনসাই পটকে আসলে পোশাকের সাথেও তুলনা করা যায় | বনসাইয়ের আভিজাত্য অনেকখানি পটের উপরেই নির্ভর করে | পট এবং বনসাইয়ের সৃজনশীল উপস্থাপন এর দাম বৃদ্ধিতে অনেক বড় ভূমিকা রাখে | অনেক সাধারণ বনসাই একটি সুন্দর পট ও সৃজনশীল উপস্থাপনের জন্যে কয়েক গুন বেশি দামি হয়ে ওঠে |

৬ | বাজার চাহিদাঃ

বাজার চাহিদা অনুযায়ী বনসাই যদি কম থাকে তাহলে অবশ্যই বনসাইয়ের দাম বেশি হবে আর চাহিদা অনুযায়ী বনসাই যদি পর্যাপ্ত থাকে তাহলে দাম একটু কম হবে এটাই স্বাভাবিক |

৭ | বনসাইয়ের আকারঃ

বনসাই আকারে ছোট হলে দাম কম হবে এটাও সম্পূর্ণ সঠিক নয় | অনেক সময় বড় বনসাই থেকে ছোট বনসাইয়ের দামও বেশি হতে পারে | তবে নিশ্চয়ই ৫ ইঞ্চি বনসাই আর ৩ ফুট সাইজের মানসম্মত বনসাইয়ের দাম কখনওই সমান হবে না |

৮ | বনসাই শিল্পীর সুখ্যাতিঃ

এই বিষয়টি যদিও আমাদের বাংলাদেশে বনসাইয়ের ক্ষেত্রে এখনও প্রচলিত হয়নি তবে অবশ্যই বনসাই শিল্পীর সুখ্যাতির উপরেও বনসাইয়ের দামও নির্ভর করে |

সর্বোপরি যেহেতু বনসাই একটি আর্ট তাই যত যাই হোক বনসাইয়ের দাম অবশ্যই বনসাই শিল্পীর উপরেই নির্ভর করে | আর্টিস্ট তার আর্ট কম দামে বিক্রি করবেন না বেশি দামে বিক্রি করবে তা একান্তই শিল্পীর নিজস্ব ব্যাপার | তবে এটাই সত্য যে শুধুমাত্র একটি বিশেষ কোন কারণে বনসাইয়ের দাম কম কিংবা বেশি নির্ধারণ হয় না | সংক্ষেপে বলা যাই যে বনসাইয়ের দাম নির্ভর করে বনসাইয়ের বয়স ও এর গঠনের পরিপক্কতা, গুনগত মান, দুর্দান্ত গঠনশৈলী এবং নান্দনিকতার উপরে |

সবশেষে যেটা না বললেই নয় যে অঞ্চল, আবহাওয়া, ম্যাটেরিয়ালের পর্যাপ্ততার উপরে দামের ভিন্নতা, কাজের ভিন্নতা হবে এটাই স্বাভাবিক |

Share This Post

Related Blog

No blogs available